ঢাবি ভর্তি: ৭ বিষয়ের স্থগিতাদেশ ৬ সপ্তাহ বৃদ্ধি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০০৮-২০০৯ শিক্ষাবর্ষে খ ও ঘ ইউনিটে বাংলা, ইংরেজিসহ সাতটি বিষয়ে ভর্তির প্রক্রিয়া স্থগিতের আদেশ ৬ সপ্তাহের জন্য বাড়িয়েছে হাইকোর্ট।
বুধবার বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি শামীম হাসনাইনের বেঞ্চ স্থগিতাদেশের মেয়াদ বাড়ানোর জন্য ৫ মাদ্রাসা থেকে পাস ভর্তিচ্ছুর আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেয়।
আদেশের পর আবেদনকারীদের একজন কৌসুলী ব্যারিস্টার বেলায়েত হোসেন সাংবাদিকদের একথা বলেন।
হাইকোর্টের একই বেঞ্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাতটি বিষয়ের ভর্তি প্রক্রিয়া চার সপ্তাহের জন্য স্থগিত করে গত ২ ডিসেম্বর স্থগিতাদেশ দিয়েছিল।
যারা উচ্চ মাধ্যমিক পর্যায়ে বাংলায় দুইশত ও ইংরেজিতে দুইশত নম্বরের ওপর পরীক্ষা দেয়নি তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাতটি বিষয়ে ভর্তির জন্য অংশ নিতে পারবে না বলে ভর্তি বিজ্ঞপ্তিতে শর্ত দেওয়া হয়েছে। এই বিষয় সাতটি হল বাংলা, ইংরেজি, অর্থনীতি, গণযোগাযোগ ও সাংবাদিকতা, আন্তর্জাতিক সম্পর্ক, ভাষাতত্ত্ব এবং জেন্ডার অ্যান্ড উইমেন স্টাডিস।
বাংলা ও ইংরেজির মতো বিষয়ে উচ্চতর শিক্ষার জন্য একটি ন্যুনতম ভাষাজ্ঞানের প্রয়োজনীয়তার জন্য আগে থেকেই কয়েকটি বিষয়ে ২শ নম্বরের শর্ত ছিল। এ বছর তাতে বাকি বিষয়গুলো যুক্ত করা হয়।
ভর্তিতে এই শর্তারোপের বৈধতা চ্যালেঞ্জ করে ইব্রাহিম খলিলসহ আলিম পাস ৫ ছাত্রের রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট গত ২৬ অক্টোবর রুলনিশি জারি করেছিল।
Ref:
ঢাকা, ডিসেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)